অর্থনীতি প্রতিবেদক:
কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি সমস্যার কারণে ব্যাংকগুলোর মধ্যে তাৎক্ষণিক বড় অঙ্কের অর্থ স্থানান্তরের মাধ্যম ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট’ (আরটিজিএস) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে কাজ করছেন বাংলাদেশ ব্যাংকের কারিগরি কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিবিএসে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট টিম দ্রুত প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে উঠে স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘আরটিজিএস’ মূলত আন্তব্যাংক বড় অঙ্কের অর্থ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির একটি ইলেকট্রনিক ব্যবস্থা। সাধারণত ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও ঋণ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাংকগুলো এই ব্যবস্থা ব্যবহার করে থাকে। অন্যদিকে ‘সিবিএস’ বা কোর ব্যাংকিং সিস্টেম হলো কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ মূল সফটওয়্যার, যা বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানানো হয়েছে, সিবিএসে ত্রুটি দেখা দেওয়ায় কেবল আন্তব্যাংক আরটিজিএস সেবা ব্যাহত হচ্ছে; সার্বিক সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যায়নি। কারিগরি ত্রুটি সংশোধন হলেই স্বাভাবিক নিয়মে আরটিজিএস লেনদেন শুরু হবে।