আল- আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেষ দিনে উপজেলার সলঙ্গা, উল্লাপাড়া সদর, হাটিকুমরুল ও রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং উল্লাপাড়া পৌরসভার মোট ৬ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার ও বুধবার—এই দুই দিনে উপজেলার অন্য ১০টি ইউনিয়নের ১৯ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে একই সহায়তা বিতরণ করা হয়। এর মাধ্যমেই উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্ধারিত ২৬ হাজার কৃষকের মাঝে বিতরণের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো।
প্রণোদনা পাওয়া প্রত্যেক কৃষককে সহায়তা হিসেবে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, কৃষকদের মাঝে মূলত বারি-৯, বারি-১৪ ও বারি-২০ জাতের উন্নত মানের সরিষার বীজ বিতরণ করা হয়েছে। এই প্রণোদনা পাওয়ার ফলে স্থানীয় কৃষকরা রবি মৌসুমে সরিষা আবাদে আরও বেশি উৎসাহী হবেন এবং উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এ জাতীয় আরো খবর..