নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য নোটিশে সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন উল্লেখ করেছেন যে, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক কোনো পক্ষের পক্ষে অবস্থান না নিয়ে সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে এই উদ্যোগ নিয়েছেন।
নোটিশে ভারতের দীর্ঘতম সময়ে শেখ হাসিনার অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর এই দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণ টেনে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশ-ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এড়াতে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তা নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
১. কূটনৈতিক পত্র প্রেরণ: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়া।
২. হাইকমিশনে আত্মসমর্পণের সুযোগ: নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি করা এবং ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি প্রয়োগ করা।
৩. বিশেষ দল কর্তৃক গ্রেপ্তার: হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া।
৪. দেশে প্রত্যাবর্তন: ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনা।
৫. বিশেষ সাব-জেল ঘোষণা: জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার জন্য কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি করা এবং বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া।
৬. আইনি অধিকার রক্ষা: দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনা করা।
৭. ভার্চুয়াল প্রক্রিয়ায় বিচার: শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করা এবং সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় কার্যকর করা।