সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, পায়রা উড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পায়রা উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া। সভা পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসির উদ্দিন।
আলোচনায় খামারিদের উৎপাদন সক্ষমতা বাড়ানো, আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা এবং প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপপরিচালক ডা. তরুণ কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শচীন্দ্রনাথ বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খামারি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..