জয়,রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে আসা ৬৫ নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আজ শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থল ও নগরীর প্রবেশপথে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাদের বহনকারী ৪টি গাড়িও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আজ বেলা ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হবে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকেরা ধারণা করছেন। এই বিশাল জনসমাগমকে কাজে লাগিয়ে পকেটমারের পরিকল্পনা ছিল আটককৃতদের। আটক নারীদের আজ বেলা সাড়ে ৩টায় ডিবি অফিস থেকে আদালতে পাঠানো হবে।
এ জাতীয় আরো খবর..