পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি:
রাজশাহী বিভাগে নীরবে ভয়াবহ রূপ নিচ্ছে যক্ষ্মা (টিবি) পরিস্থিতি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণের সরকারি দাবি থাকলেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। গত পাঁচ বছরে বিভাগে যক্ষ্মা শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। বর্তমানে ডায়াগনস্টিক কিট ও ওষুধের ঘাটতি কিছুটা কমলেও স্বাস্থ্য সহকারী ও ল্যাব টেকনোলজিস্টদের তীব্র সংকট এবং প্রকল্প জটিলতায় পুরো চিকিৎসাব্যবস্থা হুমকির মুখে পড়েছে।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে ২০২১ সালে প্রতি লাখে যক্ষ্মা শনাক্তের হার ছিল ১৩৫ জন। ২০২৫ সালে তা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৫৭৪ জন থেকে বেড়ে হয়েছে ৩৫ হাজার ৮৬৬ জন; এর ৬৫ শতাংশই ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত। জেলাভিত্তিক শনাক্তের হারে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে বগুড়া (৯.৪%), সিরাজগঞ্জ (৯.০১%) ও রাজশাহী (৮.৮০%)।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, সাধারণ যক্ষ্মায় সুস্থতার হার ৯৩.৫ শতাংশ হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ওষুধ প্রতিরোধী বা ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা (ডিআর-টিবি)। গত বছর শনাক্ত ১৯০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে ১১৩ জন সুস্থ হয়েছেন এবং সাতজনের মৃত্যু হয়েছে। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভাগে ডিআর-টিবিতে প্রাণ হারিয়েছেন ৭০ জন। অন্যদিকে, প্রতি লাখে ২২১ জন রোগী শনাক্তের সরকারি লক্ষ্যমাত্রার বিপরীতে শনাক্ত হচ্ছে ১৮২ জন। ফলে বছরে প্রায় ১০ হাজার সম্ভাব্য রোগী এবং লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম (মাত্র ৪.৭৭%) শিশু রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, এই সংকটের পেছনে রয়েছে দ্বিস্তরবিশিষ্ট জনবল ঘাটতি। প্রথমত, বিভাগে স্বাস্থ্য সহকারীর ২ হাজার ৬৬১টি পদের মধ্যে ১ হাজার ২২১টিই শূন্য। এতে মাঠপর্যায়ে রোগীদের নিয়মিত ওষুধ সেবন তদারকি ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, ‘গ্লোবাল ফান্ড’-এর অর্থায়ন ২০২৫ সালের ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়ায় চুক্তিভিত্তিক মেডিকেল টেকনোলজিস্টরা অনিশ্চয়তায় পড়েছেন। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) একনেকে নীতিগত অনুমোদন পেলেও প্রশাসনিক জটিলতায় তা আটকে আছে। তা সত্ত্বেও প্রান্তিক রোগীদের কথা ভেবে গত ১০–১১ মাস ধরে বিনা বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই টেকনোলজিস্টরা।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আল-মামুনসহ একাধিক কর্মী জানান, দাপ্তরিক দীর্ঘসূত্রতায় বেতন না পেলেও মানবিক কারণে তাঁরা সেবা দিচ্ছেন। তাঁদের দাবি, ডিপিপি অনুমোদনের পর নতুন নিয়োগ না দিয়ে ৫–৭ বছরের অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মীদেরই স্বপদে বহাল রাখা হোক; এতে সরকারের অর্থও সাশ্রয় হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দ্রুত সংকট না কাটলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডা. নাজিব ওয়াদুদ এবং বক্ষব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জামাতুল রায়হান শূন্যপদ পূরণ ও প্রকল্প জটিলতা নিরসনের তাগিদ দেন। তাঁরা সতর্ক করেন, বর্তমান গতিতে ২০৩৫ সালের মধ্যে ‘জিরো টিবি’ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ল্যাব ও রেডিওলজি মেডিকেল টেকনোলজিস্টদের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জোরালো চেষ্টা চলছে। অভিজ্ঞ ও প্রশিক্ষিত এসব কর্মী স্বপদে থাকলে যক্ষ্মা চিকিৎসা আরও সহজ হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, দুর্গম চরাঞ্চল, সীমান্ত ও কারাগারের মতো এলাকায় নজরদারির অভাবে দেশে প্রায় ১৫–২০ শতাংশ রোগী শনাক্তের বাইরে (‘মিসিং’) থেকে যাচ্ছে। সংক্রামক এই রোগের ক্ষেত্রে চিকিৎসার বাইরে থাকা রোগীদের মাধ্যমে সমাজে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়ে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..