নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা।’
নিরীক্ষকের স্বাধীনতা ও বিনিয়োগকারীদের আস্থা
রাষ্ট্রপতি বলেন, একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা শেষ পর্যন্ত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে। হিসাব পেশাজীবীদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি ও অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে। সরকার এমন একটি পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাব পেশাজীবী ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা কোনো ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন। আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদনের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
অর্থপাচার ও খেলাপি ঋণের চিত্র
দেশের আর্থিক খাতে অতীতের অনিয়মের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অসাধু যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে। শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ লাখ কোটি টাকা) বিদেশে পাচার হয়েছে, যা বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
সংস্কার ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান
অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি রোধ, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অর্থনীতিকে সুরক্ষিত রাখা শুধু নিরীক্ষকদের নয়, বরং হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক সবার সম্মিলিত দায়িত্ব। তিনি নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন এবং অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি আঞ্চলিক সহযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
সম্মাননা ও অতিথিবৃন্দ
অনুষ্ঠানে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন রাষ্ট্রপতি এবং আয়োজকরা রাষ্ট্রপতিকেও সম্মাননা স্মারক প্রদান করেন।
সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের সিইও এম আলাউদ্দিন আহমেদ।