মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
"সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য আমরা"—এই স্লোগানকে ধারণ করে নওগাঁর পত্নীতলায় শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন–২০২৫। ভোরের ডাক ব্যায়াম সংগঠনের উদ্যোগে নজিপুর পৌরশহরের বাসস্ট্যান্ড থেকে মাতাজিহাট পর্যন্ত ১০.৫ কিলোমিটার দূরত্বে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ আয়োজনে সকাল ৬টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলনের (ইউএনও) পক্ষে দৌড়ের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, বিএনপি পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, হাঙ্গার প্রজেক্টের এলাকার সমন্বয়কারী আসির উদ্দীন ও ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম থাকতে হলে সকাল সকাল ব্যায়াম ও নিয়মিত হাঁটার কোনো বিকল্প নেই। উপজেলা পর্যায়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে ধন্যবাদ জানান তারা।
ম্যারাথনে নজিপুর নতুনহাটের কৃতি ফুটবলার নান্টু রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খিরসিন গ্রামের তরুণ রোকনুজ্জামান প্রথম রানারআপ, নজিপুর নতুনহাটের তানভীর হোসেন দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। এছাড়া উপজেলার বেলঘড়িয়া গ্রামের হাবিবুর রহমান চতুর্থ, জাহিদ হাসান পঞ্চম, নজিপুর মাদরাসার শিক্ষার্থী পবিত্র ষষ্ঠ, সর্বকনিষ্ঠ দৌড়বিদ হাসিন আহমেদ সপ্তম, নজিপুর সরদার পাড়ার কামরুল হাসান অষ্টম এবং ভাবিচা গ্রামের ইমরান হোসেন নবম স্থান অধিকার করেন।
দৌড় শেষে বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিজয়ীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। অতিথিরা প্রতিবছর এ ধরনের ম্যারাথন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।