সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের উত্তরপ্রদেশে ভূ-গর্ভস্থ জলের ট্যাংক পরিস্কার করতে গিয়ে ৪ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার (৬ অক্টোবর ) ওই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তরপ্রদেশের বৃন্দাবনের চৈতন্য বিহারের সংস্কৃত স্কুল নামে একটি আবাসিক স্কুলে।
বুধবার (৭ অক্টোবর ) এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ৪ পড়ুয়ার মৃত্যুর পাশাপাশি আরও এক পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, ট্যাংকে নেমে কোনও বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার কারণেই মৃত্যু হয়েছে ওই ৪ জনের।
জানা গেছে, মৃতদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, ওই আবাসিক স্কুলের ট্যাংকটি প্রায় ১২ থেকে ১৪ ফুট গভীর। মঙ্গলবার (৬ অক্টোবর ) ট্যাংকের জল থেকে দুর্গন্ধ বের হওয়ায় পড়ুয়ারাই তা পরিষ্কার করতে উদ্যোগী হন।
তাঁরা প্রাথমিকভাবে একটি মোটর ব্যবহার করে ট্যাংক থেকে জল এবং পাঁক বের করার চেষ্টা করেন। তবে, ঠিকমতো পরিস্কার না হওয়ায় এক পড়ুয়া ট্যাংকের মধ্যে নেমেছিলেন। বেশকিছুটা সময় অতিক্রান্ত হলেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁর ৪ সহপাঠী তাঁকে উদ্ধার করতে ট্যাংকের মধ্যে নেমে যান।
সূত্রের খবর, কিছুক্ষনের মধ্যেই তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করেন। জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ ছাত্রের। গুরুতর অসুস্থ হয়েছেন ১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ জাতীয় আরো খবর..