মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মো. হেলাল (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আলমাস (৪৬) নামে অপর এক আসামি পালিয়ে যায়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হেলাল নামো মুশরীভূজা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আসকার আলীর ছেলে। পলাতক আসামি আলমাস একই এলাকার মুশরীভূজা গ্রামের আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নামো মুশরীভূজা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ হেলালকে হাতেনাতে গ্রেফতার করা হলেও আলমাস কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতার ও পলাতক—উভয় আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..