×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২৭ বার পঠিত
সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ও লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীকে কথা ও গানে স্মরণ করেছে নেত্রকোণার সংস্কৃতিজনেরা।
 
নেত্রকোণার প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী আয়োজনে শহরের উকিলপাড়ায় সংগঠনটির কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু এই স্মরণানুষ্ঠান চলে মধ্যরাত নাগাদ।

সংগঠনের সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মো: নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিল্পী বারী সিদ্দিকীর স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ অন্যরা।

  শিল্পীর সংগীতজীবন, সৃষ্টিকর্ম ও স্মৃতিচারণ করে স্মরণসভায় বক্তারা বলেন, বারী সিদ্দিকী ছিলেন বাংলা লোকসংগীতের এক অনন্য সম্পদ। তার অসাধারণ কণ্ঠ, বাঁশির সুর ও সংগীতসাধনা দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাকে স্মরণীয় করে রাখবে। নতুন প্রজন্মের কাছেও তার জীবন ও কর্ম তুলে ধরতে হবে।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোণার এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল বারী সিদ্দিকী। মাত্র ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে সংগীতের আনুষ্ঠানিক তালিম শুরু করেন তিনি। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান ও পান্নালাল ঘোষের সান্নিধ্য লাভ করেন। ভারতের পুনেতে পণ্ডিত ভি জি কার্নাডের কাছে উচ্চাঙ্গ বংশীবাদনের প্রশিক্ষণও নেন। বংশীবাদক  হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পাওয়ার পাশাপাশি ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ও ‘আমি একটা জিন্দা লাশ’সহ অসংখ্য গানের মধ্য দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন এই শিল্পী।

দীর্ঘদিন কিডনি জটিলতা ও হৃদরোগে ভোগার পর ২০১৭ সালের ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মারা যান বারী সিদ্দিকী। তার ইচ্ছা অনুযায়ী নেত্রকোণার কার্লি গ্রামে প্রতিষ্ঠিত বাউল বাড়ির প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat