মো: আরিফুল ইসলাম আরিফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের প্রবল বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল তার নিজ বাসভবনে এই অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুলিশ হালিমুল হক মিরুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার নারী-পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের একটি দল তার বাড়িতে গিয়েছিল, কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। তবে অভিযানের জেরে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। ওই ঘটনার পর তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ এবং দল থেকেও তাকে বহিষ্কার করা হয়। সাংবাদিক শিমুল হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..