কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানার এক স্বনামধন্য শিক্ষক পরিবারকে একের পর এক মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে তাদের পুত্রবধূর বিরুদ্ধে। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক পদক্ষেপে বেতন-ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক দম্পতি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আমিরুল ইসলাম ও তার স্ত্রী মাদ্রাসা শিক্ষিকা লুৎফুন নেছা এ পরিস্থিতির শিকার। অধ্যাপক আমিরুল ইসলাম ২০১৯ ও ২০২২ সালে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থেকে সমাজসেবায় অবদান রেখেছেন।
তাদের ছেলে সাইয়েদ হাসানুল বান্নার সঙ্গে শাহনাজ আক্তার আখিঁর ২০২৩ সালের ১৫ অক্টোবর বিয়ে হয়। ২০২৪ সালের ৯ মে তাদের বিচ্ছেদ হলেও পরবর্তীতে ২০২৫ সালের ৬ জুন পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবারের দাবি, ২০২৫ সালের ১৯ অক্টোবর শাহনাজ আক্তার স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা দায়ের শুরু হয়।
পরিবারের অভিযোগ, থানায় দায়ের করা অভিযোগ ও জেলা লিগ্যাল এইড অফিসের আবেদন তদন্ত ও নিষ্পত্তিতে সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে ২০২৬ সালের ১৫ জানুয়ারি নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় অধ্যাপক আমিরুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে দাখিল করা প্রতিবেদনে শিক্ষক দম্পতির বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন তারা।
এদিকে মামলার কপি সংযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠানো হলে প্রশাসনিক জটিলতায় শিক্ষক দম্পতির বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
অধ্যাপক আমিরুল ইসলাম জানান, একাধিকবার সামাজিক সালিস ও লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও বাদিনী পক্ষ সহযোগিতা করেনি। গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চিফ লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ সাদিয়া খানমের উদ্যোগেও মধ্যস্থতা সম্ভব হয়নি।
শিক্ষক পরিবারটির অভিযোগের বিষয়ে শাহনাজ আক্তারের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা থেকে মুক্তি এবং শিক্ষক দম্পতির বন্ধ বেতন-ভাতা পুনর্বহালের দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..